রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অজ্ঞাতভয়

ডুমুর ফলে লাল পিঁপড়া;

কৃষাণীর বোধে
যা কামড়ায়, তাই অশুভ;
যা ব্যথা দেয়, তা-ই বর্জ্য৷
বলেন, “কেটে ফেলো এ গাছ, এই ঝামেলা;
শান্তি মানে ফাঁকা আঙিনা।”
কৃষকের পুত্র, শিক্ষিত;
সে বইয়ে পেয়েছে অদৃশ্য পুষ্টির নাম,
অদেখা উপকারের মানে।
বলে, “মা,
যা চোখে খারাপ লাগে,
সবই কি অপ্রয়োজন?”
মা রাগেন,
যুক্তি তার অপমান লাগছে
নতুন জ্ঞান তার অভ্যাসে আঘাত হানছে।
সে ভাবে,
“এই তো কোনো মেয়ে,
ছেলের মাথাটা খেয়েছে;
নইলে এমন উল্টা কথা আসে কীভাবে!”
সংঘর্ষ,
চোখে দেখা বনাম মনে বোঝার;
অভ্যাস বনাম অনুসন্ধানের।
সমাজও ঠিক এমনই,
যা একটু কাঁটে, তাকেই বলে ‘জঞ্জাল’,
যা প্রশ্ন তোলে, তাকেই বলে ‘ভ্রষ্ট’,
আর যে বুঝাতে চায়
তার পেছনে খোঁজা হয়
কোনো অদৃশ্য প্ররোচনার ছায়া।
শেষ পর্যন্ত,
গাছটা কাটা পড়ে;
না পিঁপড়ার জন্য,
না ফলের দোষে,
বরং অজানাকে ভয় পাওয়ার অপরাধে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনন্তের স্পর্শ

  প্রাচূর্যও শূন্যতার আরেক নাম৷ বাড়ি, গাড়ি, গহনা, সম্পদ কিংবা খ্যাতি ধীরে ধীরে জড়িয়ে ধরে মানুষকে, স্বপ্নগুলোকে করে তোলে দৃশ্যমান; মনে হয়, এই...