সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

অস্পষ্টতার আকাঙ্ক্ষা

 কিছু মানুষের শত্রু হওয়ার কথা ছিল

কিন্তু তারাই প্রিয় হয়ে যায় স্মৃতিচারণে,
সময় কি তবে শত্রুতার সংজ্ঞা বদলে দেয়?
নাকি আমরা ভুলে যাই যুদ্ধের কারণ,
মনে রাখি শুধু তাদের মুখের আলো?
কিছু মানুষ,
কিছু না করেও অনেক কিছু;
তারা উপস্থিতিরও বাইরে এক উপস্থিতি,
শব্দহীন থেকেও রেখে যায়
অসংখ্য বাক্যের ভার।
কিছু মানুষ নষ্ট, ভ্রষ্ট, কষ্ট;
কিন্তু আপনি তাকে উপেক্ষা করতে পারেন না৷
কারণ হয়তো তার ভাঙনের মধ্যেই
আপনি নিজের কোনো ভাঙা অংশ খুঁজে পান।
পৃথিবীতে,
অনাকাঙ্ক্ষিত কিছু কিছু জায়গায়
হঠাৎ কিছু মানুষের সাথে
কিছু কিছু আলাপ অতি প্রয়োজনীয় হয়;
কিন্তু তা আর হয়ে ওঠে না,
সময় যেন সব দরজার চাবি হাতে রেখেও
ইচ্ছেমতো খুলে না।
কিছু কিছু বিষয় অস্পষ্ট,
কিন্তু তার জন্যই কেউ কেউ ব্যাকুল;
অস্পষ্টতার ভেতরই জন্ম নেয় আকাঙ্ক্ষা,
অপূর্ণতার ভেতরই গভীরতা।
মানুষ, ব্যথা, মায়া আর অপূর্ণতার ভেতর দিয়ে
জীবন এক অদৃশ্য কবিতা হয়ে থাকে;
এখানে সব না-পাওয়া
শেষ পর্যন্ত
অদ্ভুত এক পাওয়া হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনন্তের স্পর্শ

  প্রাচূর্যও শূন্যতার আরেক নাম৷ বাড়ি, গাড়ি, গহনা, সম্পদ কিংবা খ্যাতি ধীরে ধীরে জড়িয়ে ধরে মানুষকে, স্বপ্নগুলোকে করে তোলে দৃশ্যমান; মনে হয়, এই...