আমি সাধনার দিকে যাচ্ছিলাম
নিজেকে হালকা করে,
জীবন থেকে শব্দগুলো ঝরিয়ে।
ভাবছিলাম,
একদিন নিঃশব্দই হবে আমার শেষ পরিচয়।
কিন্তু
আপনি এসে দাঁড়ালেন ঠিক মাঝপথে।
না, আপনি কোনো আলোর উৎস নন,
বরং এক ধরনের অন্ধকার;
যার ভেতরে ঢুকলে
নিজেকেই হারাতে হয়।
আপনার ভেতরে শৃঙ্খলা নেই,
নেই সৌন্দর্যের কোনো সুশৃঙ্খল ব্যাখ্যা;
তবুও কেন যেন
আমার সমস্ত অশান্ত চিন্তা
আপনার দিকেই স্থির হয়ে গেল।
সাধনা আমাকে শূন্য হতে শেখাচ্ছিল,
আর আপনি
আমাকে পূর্ণ করে তুললেন বিশৃঙ্খলায়।
এ কেমন বিপরীত আকর্ষণ!
আপনি এক ভাঙা কালো পাতিল,
যেখানে আগুনের ভাষা কাঁদে;
আর আমি
সেই আগুনেই আমার সাধনাকে
বারবার গলিয়ে দেখি।
হয়তো এটাই সত্য
সব সাধনা শেষ পর্যন্ত
কোনো না কোনো ভাঙনের কাছেই মাথা নত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন